আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটা ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে। পেছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।’
আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনি জনসংযোগ শুরুর আগে জামায়াতের আমির এসব কথা বলেন।
ঐ আসনে বিএনপির প্রার্থীর উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, ‘আমার একজন প্রতিদ্বন্দ্বী এখানে আছেন। আছেন অনেকেই, তবে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন। তাকে আমি ওয়েলকাম করি। আসেন ময়দানে, আমরা সবাই আমাদের প্রচার নিয়ে যাই; সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জগণের কাছে ছড়িয়ে দিই। আস্থাটা আমরা জনগণের ওপর রাখি। আস্থার ভার নিজের হাতে না নিই। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকে পছন্দ করবো এবং তাকে ওয়েলকাম করবো।